জামালপুরের ইসলামপুরে একটি ডোবায় বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভাসতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের ওষুধ ভাসতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেন।
স্থানীয়দের অভিযোগ, ধনতলা কমিউনিটি ক্লিনিকটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন একটি সরকারি কমিউনিটি ক্লিনিক। তবে এখানকার সেবা গ্রহীতারা তেমন সেবা পাচ্ছেন না। অধিকাংশ সময় হাসপাতালটিতে রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধের সংকট দেখানো হয়। রোগীদের সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়। সরকারি কোনো ওষুধ তারা পান না। এছাড়া হাসপতালের স্বাস্থ্যকর্মীরা তাদের ইচ্ছে মতো আসা-যাওয়া করেন। প্রায় সময় রোগীদের সেবা না পেয়ে ফিরে যেতে হয়।
এদিকে হাসপাতালে ওষুধ সংকট, অপর দিকে সেই সরকারি ওষুধ ডোবায় ভাসতে দেখে ক্ষিপ্ত হয়েছেন সেবা গ্রহীতারা। ধনতলা গ্রামের বাসিন্দা জামিলা খাতুন বলেন, ‘অধিকাংশ সময় ক্লিনিক বন্ধ থাকে। এক-দেড় মাইল হেঁটে এসে অনেকবার ওষুধ না পেয়ে ফিরে গেছি। ক্লিনিকে গেলে বলে ওষুধ আসে না, সরকার দেয় না। তাহলে এত ওষুধ ডোবায় এলো কোথা থেকে? এই ওষুধগুলো পেলে কত গরিব মানুষের উপকার হতো।’
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, ‘এই সপ্তাহে আমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এসব ওষুধের বিষয়ে আমি কিছু জানি না। ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন দায়িত্বে রয়েছেন। ওষুধগুলো হয়তো মেয়াদোত্তীর্ণ।’
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এ.এম আবু তাহের বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’