পিরোজপুরের জিয়ানগরে এক হতদরিদ্র শারীরিক প্রতিবন্ধী যুবকের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করতে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী যুবকসহ তার মা ও স্ত্রী আহত হয়েছেন। গত শনিবার বিকালে উপজেলার পশ্চিম চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুস বেপারীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ফজলু বেপারী (৪০) কিছুদিন আগে তার দাদির কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় একটি বসতঘর নির্মাণ করেন। কিন্তু তার চাচাতো ভাই জাফর বেপারী, চাচা লোকমান বেপারী ও চাচি খাদিজাসহ প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ওই জমি নিজেদের দাবি করে ফজলুর পরিবারকে উচ্ছেদ চেষ্টা ও বসতঘর ভাংচুরের চেষ্ঠা চালায় এবং তাদেরকে হুমকি ধমকি দেয়।
এসময় ফজলু বেপারী ও তার মা ফজিলা বেগম (৫৫) বাধা দিলে লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। পরে ফজলুর স্ত্রী মনিরা বেগম (৩০) স্বামী ও শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ফজলু, তার মা ও স্ত্রী আহত হন।
তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে যান। পরে ওইদন রাতেই ফজলু বেপারী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে জিয়ানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপরে ভুক্তভোগী প্রতিবন্ধী ফজলু বেপারী জানান, ‘আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। আমার বাবা কয়েকবার স্ট্রোক করে শারিরিক সমস্যায় ভুগছেন। আমি শারিরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবনযাপন করছি। আমার বাম পা প্রায় অকেজো এবং লিভারজনিত সমস্যায়ও ভুগছি। মা, বাবা, স্ত্রী ও সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকমে জীবনযাপন করছি। এত কষ্টের মধ্যেও ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে মাথা গোঁজার ঠাঁই করতে গেলে এখন আমাকে উচ্ছেদের অতঙ্কে থাকতে হচ্ছে। শান্তিতে থাকার জন্য একটি ছোট ঘর করেছি। কিন্তু, প্রতিপক্ষরা হামলা করে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো সহায়তা পাইনি।’
অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান দাবি করেছেন তিনি।
প্রতিবেশী মো. মোশাররফ হোসেন বেপারী জানান, ‘ফজলু একজন প্রতিবন্ধী ও নিরীহ মানুষ। ওরা খুবই গরীব। দীর্ঘদিন ধরে মানুষের বাড়িতে আশ্রয়ে ছিল। ওই জমি ওদের। বিভিন্ন লোকের দেওয়া সহযোগিতা নিয়ে বর্তমানে একখান বসতঘর নির্মাণ করেছে। কিন্তু, ওর চাচা-চাচি ও চাচাতো ভাইয়েরা অন্যায়ভাবে ওদেরকে উচ্ছেদ করার জন্য মারধর করেছে। আমরা এলাকাবাসী এই জুলুমের বিচার চাই।’
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান জানান, ‘প্রতিবন্ধী যুবকের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’