পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই বনজীবীকে অপহরণ করেছে জলদস্যুরা। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকা থেকে ‘আলিম ওরফে আলিফ বাহিনী’র সদস্যরা তাদের জিম্মি করে নিয়ে যায়।
অপহৃত বনজীবীরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।
ফিরে আসা বনজীবীরা জানান, গত ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে বন বিভাগের অনুমতি (পাশ) নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। ইসমাইল শেখের দল মাছ শিকার এবং আব্দুল করিমের দল মধু সংগ্রহ করছিলেন।
রোববার সকালে মাহমুদা নদীতে অবস্থানকালে দস্যু আলিম বাহিনীর সদস্যরা দুটি নৌকাযোগে এসে তিনটি নৌকা থেকে ওই দুজনকে অপহরণ করে। তবে এখনো পর্যন্ত মুক্তিপণের নির্দিষ্ট কোনো অংক দাবি করা হয়নি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অপহরণের বিষয়ে এখনো কেউ দাপ্তরিকভাবে অভিযোগ করেনি। তবে বন বিভাগ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে অনেক সময় স্বজনরা পুলিশকে জানাতে চান না। ভুক্তভোগী পরিবার বা সংশ্লিষ্ট মহাজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।