রাঙামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। পদ বণ্টনে অনিয়ম, টাকার বিনিময়ে দায়িত্ব দেওয়া এবং বিবাহিত ও অছাত্রদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।
গত শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, সাধারণ সম্পাদক পদে এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এছাড়া কমিটিতে অছাত্র ও বিবাহিতদের স্থান দেওয়াকেও তারা বিতর্কিত হিসেবে উল্লেখ করেন।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঠালতলি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এ সময় আন্দোলনকারীরা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘আইফোন লাগলে আইফোন নে, নতুন করে কমিটি দে’- স্লোগানটি বিশেষভাবে আলোচনায় আসে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।