যুবদলের যশোর ও মাগুরার তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় তাদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এই নোটিশ জারি হয়।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল এবং যশোরের শার্শা উপজেলার যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ।
নোটিশে উল্লেখ করা হয়, ‘সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে মাদক ও সোনা চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এ জাতীয় নেতিবাচক সংবাদ দলের জন্য অত্যন্ত দুঃখজনক ও বিব্রতকর।’
এ পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বেআইনি কর্মকাণ্ড চালানোর ন্যূনতম সুযোগ যুবদলে নেই।
যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, ‘নোটিশ পেয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে দেখা করতে বলায় ৫ মে ঢাকায় যাব।’
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ শোকজের বিষয়টি সত্য বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই জবাব দেব। আমাদের বিষয়ে অভিযোগ ভুয়া। সংগঠনকে আমরা সে বিষয়েই অবহিত করব।’