গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ভেঙে গেছে একটি ব্রিজ-সংলগ্ন সড়কের অংশ। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকরা। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, ব্রিজের দুই পাশের সড়কের অংশ ধসে পড়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের দাবি, সোমবার (৪ মে) দিবাগত রাতে হঠাৎ করেই সড়কটির অংশ ধসে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তড়িঘড়ি করে প্রায় এক মাস আগে সেতুটি উদ্বোধন করা হয় বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যেই সড়ক ধসে পড়েছে। এতে করে নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
পথচারী ও যানবাহনচালকরা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কটির একটি অংশ ধসে পড়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করা হবে।