ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মাদক মামলার দুই আসামির পালানোর ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক অভিযানে একজনকে পুনরায় আটক করা হলেও অপর আসামি এখনো পলাতক রয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুই কনস্টেবল সোহেল ও রয়েল বড়ুয়া আসামিদের আদালতে সোপর্দ করতে মাইক্রোবাসে করে নিয়ে আসেন বলে পুলিশ জানায়। আদালত চত্বরে পৌঁছে গাড়ি থেকে নামানোর সময় হঠাৎ হ্যান্ডকাপ পরা অবস্থাতেই লাফ দিয়ে পালিয়ে যায় তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর থানার মাদক মামলার আসামি সজল মিয়া (২৭) ও শাহিন মিয়া (২৯)-কে গত সোমবার ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ঘটনার পরপরই ডিবি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সজল মিয়াকে পুনরায় আটক করা সম্ভব হয়। তবে শাহিন মিয়া এখনো পলাতক রয়েছেন। আসামিরা বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের বাসিন্দা।
বাঞ্ছারামপুর থানার ওসি মো. ইয়াসিন জানান, একজনকে আটক করা হয়েছে এবং অন্যজনকে ধরতে অভিযান চলছে।
ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্বে থাকা সদস্যদের কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।