নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশুটির নাম জান্নাতুল। সে ওই গ্রামের আসাদ মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ৫ মে কলমাকান্দা থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার ভোরে স্থানীয়রা একটি পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।