গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১০ মে) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছিল। রোববার গভীর রাতে একটি ট্রাক নিয়ে একদল ব্যক্তি বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে বলে সন্দেহ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চারদিক থেকে তাদের ধাওয়া করে।
একপর্যায়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গরু চোর সন্দেহে স্থানীয়রা তিনজনকে মারধর করে। এতে তারা নিহত হন। এ ছাড়া একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।