ঝালকাঠির বিভিন্ন স্থানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টার সাঁটানো হয়েছে। রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, দেয়ালে লাগানো পোস্টারে আমির হোসেন আমুর ছবি ব্যবহার করে তার ‘নিঃশর্ত মুক্তি চাই’ লেখা হয়েছে। পাশাপাশি একটি প্রতীকী চিত্রে হাতকড়া পরিহিত মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে মুক্তির দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসব পোস্টার রাতের আঁধারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়কের পাশের দেয়াল এবং জনবহুল এলাকায় লাগানো হচ্ছে। কে বা কারা পোস্টারগুলো লাগাচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, রাতের আধারে আওয়ামী লীগের দোসররা আমির হোসেন আমুর মুক্তি চেয়ে পোস্টার লাগিয়েছে। আইনশৃঙ্খলাবাহীনী এগুলো তদন্ত করে আইনের আওতায় উচিত।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি। কে বা কারা এই পোস্টার লাগানোর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে পুলিশের একটি দল মাঠে কাজ করছে। যেই করে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমির হোসেন আমুকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন ৭ নভেম্বর একটি হত্যা মামলায় আদালত তাকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১২ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ১৮ মাস ধরে কারাবন্দি অবস্থায় আছেন। তার বিরুদ্ধে ঝালকাঠিসহ দেশের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।