সংবাদ সম্মেলন করতে এসে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকার ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে রোববার (২৪ মে) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
হামলা ও হত্যার হুমকির অভিযোগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলার প্রধান আসামী তারেক রেজা।
এদিন সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজা ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা ৭টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলা হয়। সে ঘটনায় তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের আট নেতাকর্মীসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হলো।
ওসি আসাদউজ্জামান বলেন, তারেক রেজা একটি মামলার প্রধান আসামী। তিনি ফ্যামিলি জোন মিলনায়তন এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।