চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাতে অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তরিকুল দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে একাই নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইব্রাহিমপুর উত্তরপাড়ার যুবক তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে ডেকে নেন। পরে মেন্দের মাঠ এলাকার ইব্রাহিমপুর পার্কের পেছনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই বৃদ্ধা।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।