কুষ্টিয়ার ভেড়ামারায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ নানা সাহাবুল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আগের দিন রাতে নানীর বাড়িতে বেড়াতে আসে। সকালে সৎ নানা সাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
পরে শিশুটি কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।