পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়। পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খেতে বসে গলায় মাংস আটকে শ্বাস বন্ধ হয়ে প্রাণ হারিয়েছে আঁখি (১১) নামের এক মাদরাসাছাত্রী।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল প্রায় ১০টার দিকে লোকনাথপুর তেল পাম্প সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঁখি স্থানীয় ড্রাইভার আব্দুল্লাহর মেয়ে।
জানা যায় , ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুব দুঃখজনক।
ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।