পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাড়ছে পর্যটকদের সমাগম। শুক্রবার (২৯ মে) সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপস্থিতি বাড়তে দেখা গেছে।
প্রতিবছর ঈদুল আজহার দিন বিকেল থেকেই কুয়াকাটায় পর্যটকের ঢল নামলেও এবার শুরুতে সেই চিত্র কিছুটা ভিন্ন। বৃহস্পতিবার ঈদুল আজহার প্রথম দিন প্রত্যাশানুযায়ী পর্যটকের আগমন না ঘটলেও শুক্রবার সকাল থেকে পর্যটন নগরীতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ছোট-বড় ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে ওঠে। অনেকে প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। কেউ কেউ সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শিশু পর্যটকদের বালু খেলায় মেতে উঠতেও দেখা যায়।
শুধু জিরো পয়েন্ট নয়, লেম্বুর বন, ঝাউ বন, গঙ্গামতিসহ কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটেও ধীরে ধীরে বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান, বর্তমানে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম থাকলেও রাত থেকে বিপুলসংখ্যক পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।