সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও মৌসুমি ব্যবসায়ীরা। কোনোভাবেই বিক্রি না হওয়ায় বাধ্য হয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলছেন।
শুক্রবার (২৯ মে) জেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে এমন চিত্র দেখা যায়। এর আগে ঈদের দিন (২৮ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন স্থানীয় ব্যবসায়ী ও এতিমখানা-মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা। কিন্তু দিনভর ঘুরেও আশানুরূপ ক্রেতা না পাওয়ায় অধিকাংশ চামড়া অবিক্রিত থেকে যায়। পরে কোনো ক্রেতা না থাকায় অনেকেই চামড়াগুলো পানিতে ফেলে দেন। অনেকে মাটিতে পুঁতে রাখেন।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, গত কয়েক বছরের তুলনায় এবার চামড়ার বাজার আরও খারাপ। আড়তদাররা কম দামে চামড়া কিনতে চাইলেও পরিবহন খরচ ও লবণের দাম বেড়ে যাওয়ায় তারা লোকসানের আশঙ্কায় চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। যার কারণে সাধারণ মানুষ চরম হতাশায় পড়েছেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট জামে মসজিদের ইমাম ও বাগে জান্নাত হাফিজিয়া মাদরাসার খতিব হাফেজ রেজাউল করিম বলেন, ‘সারাদিন ও সারারাত অপেক্ষা করেও একটি চামড়া বিক্রি করতে পারিনি। কোনো ক্রেতা নেই। পরে দুর্গন্ধ ছড়ানোর ভয়ে মাটিতে পুঁতে ফেলতে হচ্ছে।’
গাবুরা চাঁদনীমূখা মাদরাসার সভাপতি মো. আবু জানান, প্রতিবছর শিক্ষার্থীদের খরচের একটি অংশ কোরবানির চামড়া বিক্রির অর্থ থেকে আসে। কিন্তু এবার চামড়ার দাম না থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে সরকার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করলেও মাঠপর্যায়ে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে মৌসুমি ব্যবসায়ীরা। তারা বলছেন, সংরক্ষণ ব্যবস্থা ও পর্যাপ্ত আড়ত না থাকায় চামড়ার বাজারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।