ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দোকানের সামনে কোরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, বিকেলে দোকানের সামনে চামড়া রাখাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা পরে হাতাহাতি ও রাতের সংঘর্ষে রূপ নেয়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী জানান, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।