বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক নেতাকে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর তাকে দল থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ওই নেতার বিরুদ্ধে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।
অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির বলে জানা গেছে। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়ক সদস্য ছিলেন। গত শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন। অনুসন্ধানে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলতেন এবং তাদের ফোনে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন বলে অভিযোগ রয়েছে।
তার আচরণে অতিষ্ঠ হয়ে গত রোববার দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। এ কারণে একজন নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেন। পরে তিনি নিজের দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ওই ভিডিও তাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।