ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নামাজের সময় মেলায় গান ও মাইকিং বন্ধ রাখতে বলায় ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আলেম-উলামা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন।
রোববার (৩০ মে) বেলা ১১টায় গফরগাঁও উপজেলার ব্যস্ততম জামতলা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নামাজের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং মুসল্লিদের ইবাদতে যেন বিঘ্ন না ঘটে এ জন্য নামাজের সময় উচ্চস্বরে গান ও মেলার মাইকিং বন্ধ করার অনুরোধ করেছিলেন মাওলানা ইউসুফ আলী। এ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন তাশরিফ আহমাদ। তিনি বলেন, একজন ধর্মীয় নেতার ওপর এ ধরনের হামলা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি।