কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্লুইচগেট সংলগ্ন নাফ নদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়্নমারের একটি সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় সীমান্তবর্তী বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা স্লুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানা গেছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বিকেলে কয়েকজন বন্ধু মিলে হ্নীলা স্লুইচগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান। ওই সময় সেখানে আরও অনেক মানুষ অবস্থান করছিলেন। হঠাৎ তারা দেখতে পান, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে প্রবেশ করে মাছ ধরতে থাকা কয়েকজন জেলেকে ধাওয়া করছে।
তিনি বলেন, প্রাণভয়ে জেলেরা দ্রুত নদী ছেড়ে বাংলাদেশের হ্নীলা সীমান্তের দিকে চলে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। এসময় গুলির শব্দে বেড়িবাঁধ এলাকায় অবস্থানরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যান।
কাশেম আরও জানান, পরে সশস্ত্র গোষ্ঠীটি জেলেদের ফেলে যাওয়া নৌকা ও মাছ ধরার জাল নিয়ে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।
ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম. অনীক চৌধুরী বলেন, ‘বিকেলের দিকে হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনার কথা শুনেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’