খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং উচ্চপদস্থ নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়নের এক জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বহিষ্কৃত জামায়াত নেতার নাম শেখ মহিবুল্লাহ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং রাড়ুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি একই ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াত নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।
কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোডাউনের ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। ঘোষণা অনুযায়ী তিনি ও তার অনুসারীরা মোটরসাইকেল শোডাউন করেন।
এ বিষয়ে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) জনাব মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান। এছাড়া তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা জামায়াতের আমির।