যশোরের শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ২০টি মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩০ মে) রাতে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (৩১ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। আটক কামরুল ইসলাম যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল পুলিশ খালিদুর রহমান টিটু ও শেখ মইনউদ্দিন ফেরদৌস নামে দুই আসামিকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
জবানবন্দিতে তারা জানায় অস্ত্র ব্যবসায়ী খোঁড়া কামরুলের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করেছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম শহরের মিশনপাড়ায় অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেপ্তার করা কামরুল যশোর শহর ও এর আশেপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগানদাতা হিসেবে কাজ করত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যা মামলা, ছয়টি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি, মাদকের মামলাসহ ২০টি মামলা রয়েছে। আজ তাকে আদালতের কারাগারে পাঠানো হবে।