জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দীঘি পাড় ঘেসা তুলসী নদীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাপমোচন ও পূণ্যলাভের আশায় হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে ঐতিহ্যবাহী বারুণী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) ভোরে হাজারো পুণ্যার্থী তুলশী গঙ্গা নদীর ঘাটে ভিড় করেন, শুরু হয় গঙ্গাস্নান উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অন্য যেকোনো স্নানের চেয়ে এ স্নানে হাজার গুণ পুণ্য হয়।
এ দিন জয়পুরহাট, বগুড়া ও নওগাঁসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে যোগ দেন।
স্নান শেষে অনেক নারী পূণ্যার্থী মাটির বিভিন্ন পাত্রে গঙ্গার পবিত্র জল সংগ্রহ করে নিজ নিজ বাড়িতে নিয়ে যান। তাদের বিশ্বাস, এই পবিত্র স্নান মানবজীবনের পাপমোচন, অকল্যাণ দূরীকরণ এবং আত্মিক কল্যাণ বয়ে আনে।
আছরাঙ্গা দিঘির পাড়ে পূজা-অর্চনা ও পালাক্রমে কীর্তনের আয়োজনও করা হয়। আগত নারী-পুরুষ এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে উৎসবকে কেন্দ্র করে আছরাঙ্গা পাড়ে দিনব্যাপী নানা রকম পসরা নিয়ে বসেছে মেলা। এই মেলায় দেখা যায় বিভিন্ন মিষ্টান্ন ও কানমুড়ির দোকান। এছাড়াও রয়েছে বিভিন্ন আসবাবপত্র, বাঁশ ও বেতের তৈরি চালুন, ডালি, কুলা, পাখা ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর গঙ্গাস্নান উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জয়পুরহাটের কৃতি সন্তান আব্বাস আলী। তিনি উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।