বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে সম্বোধন করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। এ ঘটনার পর দেশজুড়ে শুরু হয়েছে নানা বিতর্ক। তবে খালেকের দাবি, কথাটি মুখ ফসকে বেরিয়ে গেছে।
শনিবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এম এ খালেক বক্তব্য দিতে গিয়ে এমন কথা বলেন।
এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এম এ খালেককে বলতে শোনা যায়, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আমার আপনার সবার প্রিয় নবী, প্রিয় মানুষ।’
এম এ খালেকের বক্তব্যের ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এটিকে ‘শিরক’ বলে উল্লেখ করেছেন। অনেকেই আবার বলছেন অনাকাঙ্ক্ষিত ভুল ।
এ বিষয়ে জানতে চাইলে এম এ খালেক বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আমার, আপনার সবার প্রিয় মানুষ কথাটি বলতে গিয়ে মুখ ফসকে এই কথাটি বের হয়ে যায়। সেটাকেই অনেকে ভুলভাবে প্রচার করছে।’
তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল একটি অনাকাঙ্ক্ষিত ভুলকে মানুষের মাঝে প্রচার করছে।