মানিকগঞ্জ সদর উপজেলায় হত্যা মামলার আসামির মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শতাধিক নারী-পুরুষ।
সোমবার (১ জুন) বেলা ১১টা থেকে প্রায় ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানিকগঞ্জ সদর থানা ফটকের সামনে তারা অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যকে নির্দোষ দাবি করেন এবং তার মুক্তির দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ‘প্রকৃত ঘটনা তদন্ত না করেই আব্দুল আলিমকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আব্দুল আলিম একজন জনপ্রতিনিধি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এই মামলায় জড়ানোর হয়েছে।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তারা।
এদিকে, পরিস্থিতি শান্ত রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদের আলোচনা হলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে চলে যান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।