বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দিঘিতে ফাতেমা (৭) নামের এক শিশুকে কুমির টেনে নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার (১ জুন) রাত ৮টার দিকে শিশুটি গোসলে নামার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, শিশুটি রাতের দিকে মাজারের মহিলা ঘাটে গোসলে নামে। এ সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির মধ্যে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় থাকা স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে সন্ধান মেলেনি শিশুটির।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।