জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে মাঠে বোরো ধান কাটার সময় হিটস্ট্রোকে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার।
এর আগে সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল হক ওই গ্রামের মহল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে আশাদুল হক বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসেন। পরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রচণ্ড গরমে মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে আশাদুল হক নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। প্রাথমিকভাবে এটি হিটস্ট্রোকে মৃত্যু বলে জানা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত নেওয়া হচ্ছে।’