কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মোরগ পোলাওয়ের প্যাকেট খুলে আস্ত একটি মৃত ব্যাঙ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় ওই খাবারের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) উপজেলার নান্না বিরিয়ানি হাউজে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাসিন্দা আতোয়ার রহমান ও আশিকুর রহমান পরিবারের সদস্যদের জন্য পাঁচ প্যাকেট মোরগ পোলাও কিনে বাড়িতে নিয়ে যান। পরে খাবার পরিবেশনের সময় একটি প্যাকেটের ভেতরে সম্পূর্ণ একটি মৃত ব্যাঙ দেখতে পান তারা।
ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন। বিশেষ করে শিশুদের জন্য খাবার পরিবেশনের সময় বিষয়টি চোখে পড়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন।
ভুক্তভোগী আতোয়ার রহমান জানান, বিরিয়ানির প্যাকেট খুলতেই ব্যাঙটি দেখতে পান তারা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এ খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং ওই দোকানের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার পর ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালান। অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়। তদন্তে খাবারের প্যাকেটে ব্যাঙ থাকার বিষয়টি সত্য প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, এ ধরনের ঘটনা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন বলেও মনে করছেন তারা।