ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে সড়কে প্রাণ হারিয়েছেন স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালক। কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ নামের স্থানে বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে যান স্ত্রী জাহানারা বেগম (৪৫)। ফেরার পথে কালনা-নড়াইল-যশোর মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা ও অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন (৩২) নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে ছিল। অন্যদিকে অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন লক্ষ্মীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আবুল হাশেমের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।