কুষ্টিয়া শহরের কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। তার তানহা নামের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। তিনি হস্তশিল্পের কাজ করতেন।
নিহতের ছোট ভাই আবির জানান, ‘আমার দুলাভাই আকাশ একজন মাদকাসক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোনকে নির্যাতন করত। গত সোমবার আমার বাড়ি জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহারকৃত মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলাভাইয়ের বাসায় গেলে তাকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।