বরগুনার আমতলীতে একটি নবনির্মিত ভবনের সেফটি ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে আমতলী পৌর এলাকার এ কে স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হলদিয়া গ্রামের আজিজ হাওলাদারের ছেলে জাহিদুল হাওলাদার (৩৫) এবং বেতমোর গ্রামের ইউনুস মিয়ার ছেলে জাফর হাওলাদার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন জাহিদুল। ভেতরে ঢুকেই তিনি চিৎকার শুরু করেন। এসময় তাকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামেন জাফর হাওলাদার। পরে তারা দুজন অচেতন হয়ে পড়েন।
এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মশিউর রহমান জানান, শ্রমিকরা সেফটি ট্যাংকের ভেতরে নামার পরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন।
নিহত জাফর হাওলাদারের ভগ্নিপতি রুহুল আমিন অভিযোগ করে বলেন, ভবন মালিকের অসচেতনতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবু হানিফ বলেন, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।