পাবনায় পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা অবস্থায় এক কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার বলরামপুর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে কিশোরীর নাম–পরিচয় জানা যায়নি। তবে বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তার গলায় একটি রুপার চেইন ছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে কয়েকজন কৃষক পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে একটি বস্তা দেখতে পান। সন্দেহবশত তারা বস্তাটি ধরতে গিয়ে ভেতরে মানুষের মতো কিছু অনুভব করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের দাবি, মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকায় একটি প্রাইভেট কার দেখা গেছে। সেটিতে চারজন যুবক ছিলেন। তাদের ধারণা, কিশোরীকে ধর্ষণের পর বস্তাবন্দী লাশটি নদীতে ফেলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে থানা–পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদ্ঘাটনে যৌথভাবে কাজ চলছে।