পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির বেলিন প্রজাতির মৃত তিমি ভেসে এসেছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয় জেলেরা।
স্থানীয়দের দাবি, কুয়াকাটা উপকূলে এ পর্যন্ত ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটিই আকৃতিতে সবচেয়ে বড়।
খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের উদ্যোগ নেন। তবে তিমিটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি।
সংগঠনটির সদস্যরা জানান, সাগরের স্রোতের টানে মৃত তিমিটি ধীরে ধীরে সৈকতের দিকে ভেসে আসছে এবং বিকেলের মধ্যেই উপকূলে পৌঁছাতে পারে।
স্থানীয়দের দাবি, কুয়াকাটা উপকূলে এ পর্যন্ত ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। বিশাল আকৃতির এ সামুদ্রিক প্রাণীকে একনজর দেখতে জেলেদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
উপরা’র আহ্বায়ক বাচ্চু খলিফা জানান, তিমিটির অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণের জন্য স্পিডবোট নিয়ে সাগরে অভিযান চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তিমিটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, এ ধরনের বিরল সামুদ্রিক প্রাণীর কঙ্কাল সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা গুরুত্বপূর্ণ গবেষণা ও শিক্ষামূলক সম্পদ হিসেবে কাজে আসবে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির তিমির বিচরণ থাকলেও উপকূলে মৃত তিমি ভেসে আসার ঘটনা খুবই বিরল। ফলে, কুয়াকাটা উপকূলে ভেসে আসা এই বিশালাকার বেলিন তিমিটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।