সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে উপজেলার মেঘমল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বেলকুচি থানার ওসি আবু জাফর বলেন, ‘দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’