বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দিনগত রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তার একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় গভীর রাতে মোবাইল ফোনে লাইভ সম্প্রচার চালু করে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নিহতের পরিবার জানিয়েছে, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সঙ্গে তার কথা হয়েছিল। তাদের একমাত্র কন্যা বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর কাছে রয়েছে।
দাম্পত্য কলহ, পারিবারিক বিরোধ এবং বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন হৃদয়। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।