চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের ব্যানারে এ মিছিল করা হয়। এর মধ্যে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়কে হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতাকর্মীরা। তাদের হাতে ব্যানারে হামে শিশুমৃত্যু, শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তৃতীয় মিছিল। গত বুধবার (৩ জুন) চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে সোমবার (১ জুন) সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।