বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপের আনন্দে মেতেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা। দলের জার্সি পরে, পতাকা নিয়ে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন তারা।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে ব্রাজিলের সমর্থক হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ব্রাজিল ভক্ত হাফিজ আল-আফ্রিদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ফুটবল প্রেমীরা জানান, বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আবেগ, উৎসব ও ঐক্যের প্রতীক। উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, চায়ের দোকান কিংবা বাসাবাড়িতে মানুষ মেতে উঠেছে বিশ্বকাপের উন্মাদনায়। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হবে।
শোভাযাত্রার অন্যতম আয়োজক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া এলাকার ব্রাজিল ভক্ত শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা বাংলাদেশকে হৃদয়ে লালন করি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা সত্যিই আমাদের মুগ্ধ করে। আসা করছি ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ২১ কোটি মানুষের দেশ ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।’
ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল ফুটবল দলের সমর্থক প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলকে মনে প্রাণে ভালোবাসি। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা জানাতে আজকের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন। আশা করি এবার ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।’