গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক তরুণীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৫ জুন) গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের বুরুঙ্গী বিল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু , নিরব ও রহমত উল্লাহ। তাদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে।
জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী মোবাইলে কথা বলার জন্য ঘরের বাইরে বের হন। পরে তিনি ঘরের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে বুরুঙ্গী বিলে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর স্থানীয়রা তিনজনকে আটক করে একটি ঘরে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’