নেত্রকোনা পৌর শহর থেকে রোহিঙ্গা সন্দেহে মো. করিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত শনিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে ‘সোনার তরী’ পরিবহনের একটি বাসে নেত্রকোনায় আসেন কারিম। তিনি শহরের কোর্ট স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সোমবার রাতে বড়বাজার এলাকায় তার চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া পরিবার ও ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জন্মনিবন্ধন এবং পাসপোর্ট তৈরি করতে তিনি নেত্রকোনায় এসেছিলেন। পরবর্তীতে ওই পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
করিম দাবি করেন, তার কোনো বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট নেই। তার মা রোকিয়া সৌদি আরবে মারা গেছেন। তার বাবার নাম রফি। তিনি নিজের আত্মীয়-স্বজনের খোঁজে বাংলাদেশে এসেছেন।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ‘ধারণা করছি তিনি বাংলাদেশের নাগরিক নন এবং রোহিঙ্গা হতে পারেন। বিষয়টি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক যুবকের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’