নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গভীর রাতে এক বাড়িতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামে সোহরাব কবিরাজের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, আগুনে তাদের একটি ঘর পুরে ছাই হয়ে গেছে। এছাড়া ১টি মোটরসাইকেলসহ ঘরের অন্যান্য মালামালও পুড়ে গেছে এবং ৪টি গরু মারা গেছে।
সোহরাব কবিরাজ বলেন, ‘বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণেই এই আগুনের সূত্রপাত হয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। আজ আমার এই সর্বনাশ হইলো।‘
ফায়ার সার্ভিস জানিয়েছে, গত রাত সাড়ে ৩টার দিকে চর বৈশাখী গ্রামের সোহরাব কবিরাজের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা সোহরাব কবিরাজকে সহায়তার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
এবিষয়ে সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আরব আলী শেখ জানান, তিনি বিষয়টি জেনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পাঠিয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।