কুমিল্লায় মহাসড়কের উল্টোপথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দুপুর সোয়া ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সবজি বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল ময়নামতি হাইওয়ে থানার পুলিশ। এসময় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করা হয়। পরে থ্রি-হুইলার চালকরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা পুলিশের একটি গাড়ি ব্যাপক ভাঙচুর করেন।