মেহেরপুরের গাংনী উপজেলায় বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আলী হোসেন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর ছেলে এবং বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে মাঠে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।