কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কবির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোকাম ইউনিয়নের বাড়াইল (মধ্যপাড়া) গ্রামে গত ৭ জুন বেলা ১১টার দিকে ভুক্তভোগী তরুণী নিজ বাড়ির একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী কবির হোসেন তার ঘরে প্রবেশ করে তাকে আপত্তিকর কথাবার্তা বলেন।
এসময় তরুণী প্রতিবাদ করলে কবির তাকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে কবির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনার পর ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বুড়িচং থানায় একটি মামলা করেন। পরে স্থানীয়রা অভিযুক্ত কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়, কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কবির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।