কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর মন্ডলপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং একই এলাকার মো. আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাফ নদীর মন্ডলপাড়া সীমান্তে অবস্থান নেয় র্যাব। এসময় নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার থেকে আসা ৭-৮ জন ব্যক্তিকে হাটাহাটি করতে দেখা যায়। র্যাব সদস্যরা তাদের দিকে এগোতে থাকলে তারা পালানোর চেষ্টা করেন। পরে র্যাব ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে দুটি বস্তার ভেতর থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, আটক দুইজনসহ পালিয়ে যাওয়া ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক। তারা একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সদস্য। সীমান্তের এপারে মাদকের বড় চালান পৌঁছে দেওয়াই তাদের মূল দায়িত্ব।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।