স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পাশে বসিয়ে শনিবার (১৩ জুন) সকালে নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে কক্সবাজার সফরে এসে তিনি প্রথমে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
এদিন সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি পাতলী খাল এলাকায় গিয়ে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিবেশ ও বনমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দলীয় নেতারাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
পাতলী খাল এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মেয়েদের জন্য শিক্ষা সম্পূর্ণ বিনা মূল্যে করে দিয়েছি। পাশাপাশি অসচ্ছল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। এবারের বাজেটে সাধারণ মানুষের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক পণ্যকে ভ্যাটমুক্ত রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, সরকারের সব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ।
এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।
পরে প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় লং বিচ হোটেলে এক সুধী সমাবেশে অংশ নেবেন।
বৃক্ষরোপণ, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।