প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে মদ, সিগারেট ও বিলাসী পণ্যের ওপর কর বৃদ্ধি করায় বিরোধীদল তীব্র সমালোচনা করছে। তবে সাধারণ মানুষের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় ৩৭টি পণ্যের ওপর কর কমানোর বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদ ও সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদল বাজেট প্রত্যাখ্যান করে মিছিল-সমাবেশ করছে। কিন্তু সাধারণ মানুষের জন্য যেসব পণ্যে কর কমানো হয়েছে, সে বিষয়ে তারা কোনো কথা বলছে না। এতে বোঝা যায়, জনগণের চেয়ে বিশেষ কিছু গোষ্ঠীর স্বার্থই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রত্যন্ত অঞ্চলের অনাবাদি জমিকে চাষের আওতায় এনে দেশকে আরও স্বনির্ভর করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
পাতলী খালের পুনঃখনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় অর্ধশতাব্দী আগে খালটি খননের মাধ্যমে ওই অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সময়ের ব্যবধানে খালটি নাব্যতা হারানোর পাশাপাশি দখলের শিকার হয়। পুনঃখননের ফলে কৃষকরা আবারও সেচ সুবিধা পাবেন এবং আবাদি জমির পরিমাণ বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, সারাদেশে ৪০ হাজার মিটার খাল পুনঃখনন করা গেলে কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। কৃষক লাভবান হলে দেশ লাভবান হবে, আর এর মধ্য দিয়েই অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। দেশের অগ্রগতি নিশ্চিত করতে কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের বিকল্প নেই। কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন কৃষি সুবিধা ও প্রণোদনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
সভায় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙন রোধে নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
এর আগে, সকাল ১১টার দিকে নিজ হাতে মাটি কেটে বাবার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খালপাড়ে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
পথসভা শেষে দুপুরের আগে প্রধানমন্ত্রী চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের উদ্দেশে রওনা হন। সেখানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার।
এর আগে, সকাল ৯টা ৪৮ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমানবন্দরের বাইরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।