বরিশালে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় খেলা নিয়ে একে অপরের ওপর নানা অভিযোগ করার পাশাপাশি এবারের বিশ্বকাপ জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১২ জুন) বরিশাল নগরীর বেলস পার্কে বিকেল ৩টায় আর্জেন্টিনা ও বিকেল ৪টায় ব্রাজিলের সমর্থকদের পৃথক ২টি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এসময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারও বিশ্বকাপ দখলে থাকবে তাদের। ব্রার্জিলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে দাবি করেন তারা।
তবে ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেওয়া ছাড়া কোনো বিশ্বকাপ জয় করতে পারেনি। ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোনো খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবে না আর্জেন্টিনা। যার কারণে এবার আর্জেন্টিনার হার নিশ্চিত।
এদিকে পৃথক ২টি আয়োজনে পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের আয়োজন করা হয়। সেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে। এছাড়া ২ দলের বড় বড় পতাকাও নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা বের করেন৷ শোভাযাত্রা ২টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলস পার্কে এসে শেষ হয়।