প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এরই মধ্যে শনিবার (১৩ জুন) বেলা ১১টায় ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপণ করে জেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। এসময় স্থানীয়দের মাঝেও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের জীবন ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একটি গাছ শুধু পরিবেশই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও নিশ্চিত করে।’
তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা, আর সেই লক্ষ্য অর্জনে বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডামুড্যা উপজেলায় এই কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পৌরসভা এলাকায় এক হাজার এবং প্রতিটি ইউনিয়নে ২০০টি করে চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, শুধু বৃক্ষরোপণ নয়, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি টেকসই সবুজ পরিবেশ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।