বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে সারা দেশ। মাঠের লড়াই শুরুর আগেই প্রিয় দলের সমর্থনে নানা আয়োজনে মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা। এর ব্যতিক্রম ঘটেনি জয়পুরহাটের পাঁচবিবিতেও।
প্রিয় দল ব্রাজিলের সমর্থনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছেন সমর্থকরা। শনিবার (১৩ জুন) বিকেলে পাঁচবিবির ব্রাজিল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রার।
শোভাযাত্রাটি পাঁচবিবি গো-হাটী থেকে তিনমাথা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী ফুটবলভক্তরা। পাঁচবিবির অলিগলি মুখরিত হয়ে ওঠে তাদের সমর্থনে স্লোগানে স্লোগানে।
শোভাযাত্রা শেষে সমর্থকরা জানান, শুধু এই আনন্দ মিছিলই নয়, প্রিয় দলের প্রতিটি ম্যাচ বড় পর্দায় দেখার জন্য পাঁচবিবির বিভিন্ন মোড়ে মোড়ে ইতোমধ্যে প্রজেক্টরের ব্যবস্থাও করা হয়েছে। প্রিয় দল ব্রাজিল এবারের বিশ্বকাপে জয়ী হবে এমনটাই প্রত্যাশা ভক্তদের। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের এই মহোৎসবে মেতে আছে এই উপজেলার মানুষ।