শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক গৃহবধূকে (৩৭) মারধর, চুল কেটে মুখে কালি মাখানো এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর পালং এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। ভুক্তভোগী ওই গৃহবধূ উত্তর পালং এলাকার বাসিন্দা এবং লিবিয়া প্রবাসী টুটুল সরদারের স্ত্রী।
ভুক্তভোগী নারী জানান, দেলোয়ার কোটারির পরিবারের কাছে তার পাওনা টাকা ছিল। টাকা ফেরত চাইতে গেলে তাকে মারধর করা হয়। এ সময় তার মাথার চুল কেটে, মুখে কালি মেখে দেন অভিযুক্তরা। এসময় তার গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার কোটারির মেয়ে মৌসুমি আক্তার জানান, ওই নারী তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করতেন এবং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় নারীরা তাকে আটক করার পর ক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে। তাদের কাছে টাকা পাওয়ার বিষয়টি অস্বীকার করেন মৌসুমি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ৯৯৯-এর খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।